যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এক কলেজছাত্রী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো, যৌন হয়রানি, শারীরিক নির্যাতন এবং পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে। এসব ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কাজল রেখা।
রবিবার (১ নভেম্বর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। এ সময় তার মা মাজেদা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কাজল রেখা জানান, তিনি বাগআঁচড়া গ্রামের মৃত জালাল হোসেনের মেয়ে। বাবার মৃত্যুর পর নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু স্থানীয় কয়েকজনের কর্মকাণ্ডে তার স্বাভাবিক জীবন ও শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাগআঁচড়া এলাকার ইমন হোসেন (২৬), আলী আহমদ (৫৫) ও মো. আবু হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়। কাজল রেখার দাবি, স্থানীয় একটি মাদকসেবী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে উত্ত্যক্ত ও শারীরিক-মানসিকভাবে হয়রানি করছেন। একই সঙ্গে তাদের পৈতৃক জমি দখলের চেষ্টা এবং পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বাজারে যাওয়ার সময় আলী আহমদের নেতৃত্বে কয়েকজন তার পথ আটকে দেন। একপর্যায়ে তাকে আটকে রেখে ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া ইমন হোসেনের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে উত্ত্যক্ত ও নির্যাতনের অভিযোগ করেন তিনি।
কাজল রেখা জানান, বিষয়গুলো স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছেন। প্রতিকার চেয়ে গত ২৮ অক্টোবর ইমন হোসেনকে প্রধান অভিযুক্ত করে শার্শা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাননি বলে দাবি তার। বরং অভিযোগ জানানোর পর থেকে পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাবাকে হারানো পরিবারের অসহায় অবস্থার সুযোগ নিয়ে কেউ যেন তাদের জীবন ও ভবিষ্যৎ বিপন্ন করতে না পারে। এ জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।