জামালপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান সাকিল (২৯) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১২ মে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেন সাকিল। পরে তাকে শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। পরদিন ওই ছাত্রীকে রংপুরের টঙ্গী থানার দেউয়া এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে নিয়মিত নির্যাতন করা হতো বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মেয়েটির বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন। এ ঘটনায় ২০ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও আট লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।




