সীমান্তপারের রোগ পর্যবেক্ষণ, মহামারি মোকাবিলার প্রস্তুতি এবং জনস্বাস্থ্যের নতুন হুমকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদারে ঢাকায় আঞ্চলিক প্রাণিবাহিত রোগ পর্যবেক্ষণ কেন্দ্র ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা স্থাপনে বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিমসটেকের স্বাস্থ্যমন্ত্রীগণ।
১১ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিমসটেকের প্রথম স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ প্রস্তাবকে স্বাগত জানানো হয়। সোমবার ( ১৬ নভেম্বর) বিমসটেক সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় প্রস্তাবিত ‘বিমসটেক আঞ্চলিক প্রাণিবাহিত রোগ পর্যবেক্ষণ কেন্দ্র ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা’ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোগ পর্যবেক্ষণে আঞ্চলিক সহযোগিতা বাড়াবে। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে সময়মতো তথ্য আদান-প্রদানেও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
১০ নভেম্বর বিমসটেকের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাদের প্রথম বৈঠকের পরদিন স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাত সদস্য দেশের অভিন্ন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী পর্যায়ে যৌথ বিবৃতি গ্রহণ করা হয়।
এ ছাড়া বৈঠকে ‘জনস্বাস্থ্যবিষয়ক বিমসটেক কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’-এর সংশোধিত সংস্করণ গ্রহণ করা হয়। এতে সমন্বিত উদ্যোগ, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা এবং অগ্রগতি নিয়মিত পর্যালোচনার কাঠামোও তুলে ধরা হয়েছে।