দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি বিশেষায়িত চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, সরকারের স্বাস্থ্যভাবনায় প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য ও চিকিৎসার সুযোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ ও প্রস্তুত করা গেলে রাজধানীর বাইরে প্রত্যন্ত এলাকাতেও নিরাপদ অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া সম্ভব।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) সম্মেলনটির আয়োজন করে।
জুবাইদা রহমান দেশের জনসংখ্যার তুলনায় অ্যানেস্থেসিওলজিস্টের স্বল্পতার চিত্র তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০ কোটি মানুষের দেশে এ বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা মাত্র তিন হাজার। প্রতি এক লাখ মানুষের বিপরীতে রয়েছেন ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক মানদণ্ডে একই সংখ্যক মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন।
তিনি আরও জানান, দেশের ৬৪টি জেলা, ৫৩টি প্রশাসনিক অঞ্চল, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের ঘাটতি রয়েছে। দীর্ঘদিনের এই সংকটের প্রভাব পড়ছে সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তির সুযোগের ওপর।
অ্যানেস্থেসিওলজিস্টদের কাজের পরিধি কেবল অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন রাখার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, অস্ত্রোপচারের নিরাপত্তা, ব্যথা নিয়ন্ত্রণ, নিবিড় পরিচর্যা এবং সংকটাপন্ন রোগীর জীবন রক্ষায় তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে এ বিশেষজ্ঞদের পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করা জরুরি।
স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদের কর্মপরিবেশের বিষয়টিও সামনে আনেন জুবাইদা রহমান। তার মতে, উন্নত হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি থাকলেই শক্তিশালী চিকিৎসাব্যবস্থা গড়ে ওঠে না। এর জন্য প্রয়োজন দক্ষ ও দায়িত্বশীল চিকিৎসক, যাদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করা হবে। চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন ও সহায়তা রোগীদের নিরাপদ সেবা পাওয়ার সঙ্গেও সম্পর্কিত।
তিনি জানান, অ্যানেস্থেশিয়া, ইনটেনসিভ কেয়ার ও পেইন মেডিসিনের মতো বিশেষায়িত ক্ষেত্রগুলোর বিকাশকে সরকার গুরুত্ব দিচ্ছে। সম্মেলনে এসব বিষয়ে নতুন গবেষণা, আধুনিক চিকিৎসাপদ্ধতি, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করেন।
‘অ্যানেস্থেসিওলজিস্টস: বিয়ন্ড দ্য অপারেটিং থিয়েটার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি চিকিৎসক, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্য পেশাজীবীরা অংশ নেন। বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সম্মেলনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জুবাইদা রহমান।
আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের সম্মেলন চিকিৎসকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বাড়ায়। একই সঙ্গে চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং চিকিৎসকদের দক্ষতা বিকাশেও সহায়ক হয়।
অনুষ্ঠানে তিনজন চিকিৎসককে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া একজন চিকিৎসক পান রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল এবং চারজনকে দেওয়া হয় এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল।
সম্মেলনে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকসহ বিশিষ্ট চিকিৎসকরা।



