দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন।
গত ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৭২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৯০ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।



