মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিল, চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ এবং শিক্ষা আইন বাস্তবায়নসহ চার দফা দাবি তুলেছে ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. মজিবুল্যাহ মজিব।
সমাবেশে বক্তারা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনের কারণে হোমিওপ্যাথিক ওষুধের বৈধ আমদানি ও ব্যবহার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ কাঠামো গঠন ও সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে বিলম্বের কারণে এ পেশার শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে, হোমিওপ্যাথিক ওষুধ আমদানিতে রেকটিফাইড স্পিরিট ব্যবহারের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন পুনর্বিবেচনা করে সহজ নীতিমালা প্রণয়ন, চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ কাঠামো গঠন, ডিএইচএমএস চিকিৎসকদের জন্য সরকারি চাকরির পদ সৃষ্টি এবং বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-কর্মচারীদের শতভাগ সরকারি বেতন-ভাতা নিশ্চিত করা।
সমাবেশে আরও বক্তব্য দেন ডা. আরিফুর রহমান মোল্লা, ডা. শফিকুল আলম নাদিম, ডা. মোস্তাক আহমেদ বিন হোসাইন, ডা. মো. নাসির উদ্দিন শেখ ও ডা. শফিকুল ইসলাম সরকার স্বপনসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মানববন্ধন শেষে দাবিগুলো বাস্তবায়নের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।