সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয়। আধুনিক চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। তাই আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য না করে রোগটি সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী।
বিশ্ব সোরিয়াসিস দিবস-২০২৭ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিএমইউতে আয়োজিত সচেতনতামূলক শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ত্বকের গণ্ডি পেরিয়ে মানুষটিকে দেখুন’ বা ‘লুক বিয়ন্ড মাই স্কিন’ প্রতিপাদ্যে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ও বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের ৫০৭ নম্বর লেকচার হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, সোরিয়াসিস ত্বকে দৃশ্যমান হওয়ায় আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে দূরত্ব বা অবহেলার শিকার হন। অথচ রোগটি ছোঁয়াচে নয়। তাই এ রোগে আক্রান্ত ব্যক্তিদের বিচ্ছিন্ন করে রাখা কিংবা তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের কোনো যৌক্তিকতা নেই।
তিনি জানান, সোরিয়াসিসে আক্রান্তদের এক-তৃতীয়াংশের ক্ষেত্রে আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে। শুরুতেই এ সমস্যা শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না হলে আর্থ্রাইটিস জটিল আকার ধারণ করে মেরুদণ্ড ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে পারে এবং চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আধুনিক চিকিৎসার মাধ্যমে সোরিয়াসিস ও এর সঙ্গে সংশ্লিষ্ট জটিলতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশীদ এবং বিএমইউর পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, চর্ম ও যৌনরোগ বিভাগের শিক্ষক এবং বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটি ও সোরিয়াসিস সচেতনতা ক্লাবের নেতারা কর্মসূচিতে অংশ নেন। অনলাইনে দেশের বিভিন্ন স্থান থেকে চর্মরোগ বিশেষজ্ঞরা যুক্ত হয়ে সোরিয়াসিসের চিকিৎসা, ব্যবস্থাপনা ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মসূচিতে দেশের ৩০০ জনের বেশি চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন।