বায়ুদূষণে আবারও বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। বুধবার (৭ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ১৮২ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই স্কোর নিয়ে ভারতের কলকাতাও দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ১৮২ একিউআই স্কোর ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করছে। ২১১ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এরপর ১৭১ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৬৬ নিয়ে সিঙ্গাপুর এবং ১৬২ স্কোর নিয়ে ভারতের দিল্লি রয়েছে।
তালিকায় আরও রয়েছে পাকিস্তানের লাহোর ১৫৭, ভিয়েতনামের হো চি মিন সিটি ১৫৫, হ্যানই ১৫২ এবং চীনের সাংহাই ১৫১ স্কোরে। এর আগে মঙ্গলবার ২৪৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। এক দিনের ব্যবধানে দূষণের মাত্রা কমলেও বাতাসের মান এখনো অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আইকিউ এয়ারের সূচক অনুযায়ী, ১৫১ থেকে ২০০ পর্যন্ত একিউআই ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের মতে, শুষ্ক আবহাওয়া ও বৃষ্টিপাত কমে গেলে ঢাকার বায়ুদূষণ বাড়তে পারে। অপরিকল্পিত রাস্তা খনন, নির্মাণকাজের ধুলা এবং ফিটনেসবিহীন যানবাহনের ধোঁয়া দূষণের অন্যতম উৎস। দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে শ্বাসতন্ত্রের সমস্যা, ফুসফুসের সংক্রমণ ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের ঝুঁকি তুলনামূলক বেশি।