বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার তিনজনের একজন রেহানকে নিয়ে মুখ খুলেছেন তার বাবা শুদীন। ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই জানিয়ে অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী রেহান হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা। অভিনেতার গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। 
এ ঘটনায় আটক অন্য দুজনের মধ্যে রয়েছে ১৭ বছর বয়সী এক কিশোর এবং ২২ বছর বয়সী হৃতিক কুমার ওরফে রোশন। রোশন মুম্বাইয়ে র‍্যাপিডো চালাতেন বলে জানা গেছে। রাজস্থানের কোটা থেকে মুম্বাই-দিল্লি যাত্রাপথে তাদের আটক করা হয়। ছেলের গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুদীন দাবি করেন, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে রেহানের সঙ্গে তার দেখা বা কথা হয়নি। দীর্ঘদিন ধরেই পরিবারের সদস্যরা আলাদা থাকেন। ছেলের কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন। তার বক্তব্য, আইন নিজের নিয়মে চলুক এবং ছেলে যে শাস্তির যোগ্য, সেটিই দেওয়া হোক। 
জানা গেছে, রেহানের মা শামসিদা একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর রেহান মায়ের সঙ্গেই থাকতেন। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে তিনি স্কুল ছেড়ে দেন। রেহানের বিরুদ্ধে এর আগেও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ উঠেছিল। গত ১৯ আগস্ট হরিয়ানায় ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রেহানের বাবা জানিয়েছেন, প্রায় চার থেকে পাঁচ মাস আগে এ মামলার সূত্রপাত হয়েছিল। পরে তার মা জামিনের ব্যবস্থা করেন। রেহানের মাসি অফসানা সংবাদমাধ্যমকে জানান, কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর রেহান ঝালাইয়ের কাজ শুরু করেছিলেন।
 কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। ঈদের সময় বাড়িতে এসে আবার চলে যান। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ে একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে অভিনেতা বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেলেও তার গাড়িচালক গুলিবিদ্ধ হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার তিনজনের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। হামলার পেছনের উদ্দেশ্য এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে।