ঢাকাই সিনেমায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এবার প্রতিষ্ঠানটি নির্মাণ করতে যাচ্ছে ‘খলনায়ক’ নামের একটি সাইকোলজিক্যাল থ্রিলার। সিনেমাটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। আর নির্মাণের দায়িত্বে রয়েছেন ভিকি জাহেদ। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে ভিকি জাহেদের।
পাশাপাশি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজেরও এটি প্রথম যৌথ প্রযোজনা উদ্যোগ। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন তমা মির্জা। এ ছাড়া অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল ও তুষার খান। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী প্রিয়াংকা সরকারকে। নতুন সিনেমাটি নিয়ে আফরান নিশো জানিয়েছেন, ভিকি জাহেদের গল্প বলার ধরন বরাবরই আলাদা। ‘খলনায়ক’-এর চিত্রনাট্য শোনার পর তাঁর কাছে এটি একটি ব্যতিক্রমী মনস্তাত্ত্বিক গল্প বলে মনে হয়েছে। 
অভিজ্ঞ ও শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করাকে তিনি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। চঞ্চল চৌধুরীও সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, ভিকি জাহেদের নির্মাণে সবসময়ই ভিন্নতার ছাপ থাকে। সিনেমাটিতে তাঁর চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা তাঁকে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও উপভোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘খলনায়ক’ মানুষের চরিত্রের গভীরতা, জটিলতা ও রহস্যকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। চিত্রনাট্য থেকে অভিনয়শিল্পী নির্বাচন এবং নির্মাণের প্রতিটি পর্যায়ে দর্শকদের জন্য নতুন কিছু রাখার চেষ্টা করা হচ্ছে।
 এসভিএফের চেয়ারম্যান মহেন্দ্র সোনি জানান, বাংলা সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ। অন্যদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, দর্শকের চাহিদা ও কনটেন্টের মানকে গুরুত্ব দিয়ে ‘খলনায়ক’ নির্মাণ করা হচ্ছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে তাঁদের প্রত্যাশা। সিনেমাটির মুক্তির তারিখ, আনুষ্ঠানিক প্রচারণা ও বিস্তারিত তথ্য খুব শিগগির প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।