জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনাল থেকে চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কমে যেতে পারে।
পেট্রোবাংলার জনসংযোগ দপ্তর রোববার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ নভেম্বর সকাল থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত টার্মিনালটিতে এলএনজি থেকে গ্যাসে রূপান্তরের কার্যক্রম বন্ধ রাখা হবে। এ সময় জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হবে।
এ কার্যক্রমের প্রভাবে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ প্রতিদিন সরবরাহ কমবে প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ কমে যাওয়ায় এ সময় সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।