মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে প্রায় ৫৭৭ কোটি রুপি আয় করেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার ২’। দুর্গাপূজা উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর সিক্যুয়েলটি দর্শকদের ইতিবাচক সাড়ার পাশাপাশি আয়ের দিক থেকেও একের পর এক রেকর্ড গড়ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত প্রকাশিত হিসাব অনুযায়ী, মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি। এ যাত্রায় এটি পেছনে ফেলেছে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান-১’ ও লোকেশ কানাগরাজের ‘কুলি’র মতো আলোচিত সিনেমাকে।
বাণিজ্য বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, ভারতে ‘জেলার ২’-এর নিট আয় ৩১৭ কোটি ২০ লাখ রুপি। মোট আয় দাঁড়িয়েছে ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি। এর সঙ্গে আন্তর্জাতিক বাজারের ২০৫ কোটি রুপি যোগ হয়ে প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি।
এই সাফল্যে ২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবির অবস্থানও অর্জন করেছে ‘জেলার ২’। অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-কে পেছনে ফেলেছে সিনেমাটি। চলতি বছরে ভারতীয় সিনেমার আয়ের তালিকায় ১ হাজার ৮১৩ কোটি রুপি নিয়ে শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
সান পিকচার্সের ব্যানারে কালানিধি মারান প্রযোজিত ছবিটিতে রজনীকান্তের পাশাপাশি আগের পর্বের চরিত্রে ফিরেছেন রম্যা কৃষ্ণান, মির্না ও ঋত্বিক। নতুন সংযোজন হিসেবে রয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান।