চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবীর আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি শেষে ডনের আইনজীবী মোহাম্মদ মফিজুল ইসলাম আসলাম সাংবাদিকদের বলেন, সিনেমার চরিত্রে ডন ভিলেন হলেও বাস্তব জীবনে তিনি এমন নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

জামিন আবেদনে আসামিপক্ষ সালমান শাহের মৃত্যুর দুইটি সুরতহাল প্রতিবেদন, দুইটি ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন তুলে ধরে দাবি করে, এসব নথি বিশ্লেষণ করলে মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা বলে প্রতীয়মান হয়। এ কারণে ডন জামিন পাওয়ার যোগ্য বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে গত ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরও আগে তার জামিন আবেদন আদালত নাকচ করেছিলেন।গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল বলে জানা যায়।