বিমানের সাধারণ যাত্রা মুহূর্তেই পরিণত হলো আনন্দঘন সংগীত আয়োজনে। জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমকে কাছে পেয়ে তাঁরই গাওয়া গান পরিবেশন শুরু করেন কয়েকজন সহযাত্রী। ভক্তদের এমন ব্যতিক্রমী ভালোবাসায় মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত নিজেই গানের মঞ্চ তৈরি করে নিলেন এই শিল্পী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও প্রকাশ করেছেন সোনু নিগম। সেখানে দেখা যায়, বিমানের আসনে বসে যাত্রীরা তার জনপ্রিয় বিভিন্ন গান গেয়ে শোনাচ্ছেন। পরিবেশনায় উঠে আসে ‘কল হো না হো’ চলচ্চিত্রের গান এবং ‘ওম শান্তি ওম’-এর জনপ্রিয় গান ‘ম্যায় অগর কহুঁ’।
সহযাত্রীদের কণ্ঠে নিজের গান শুনে আনন্দিত সোনু পুরো দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করেন। একপর্যায়ে ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে ভক্তদের উচ্ছ্বাসও তুলে ধরেন। যাত্রীরাও তখন প্রিয় শিল্পীর প্রতিক্রিয়া নিজেদের ফোনে ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।
বিমানে অবতরণের পরও ঘটনাটির নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বিশেষ করে সিটবেল্টের সংকেত বন্ধ হওয়ার পরও যাত্রীরা আসন ছেড়ে না যাওয়ার বিষয়টি তাঁর নজর কাড়ে। মজার ছলে তিনি জানান, সবাই যেন পরবর্তী পরিবেশনার অপেক্ষায় বসে আছেন।
ভক্তদের এমন ভালোবাসার প্রতিদান দিতে এবার গানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সোনু। বিমানের মধ্যেই শুরু করেন তাৎক্ষণিক সংগীত পরিবেশনা। তার কণ্ঠে শোনা যায় ‘ম্যায় হুঁ না’, ‘তুঝে লাগে না নজরিয়াঁ’ এবং ‘কল হো না হো’। অপ্রত্যাশিত এই আয়োজন ঘিরে সহযাত্রীদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস।
ঘটনাটির ভিডিও প্রকাশ করে সোনু জানান, মানুষের কাছ থেকে পাওয়া এমন ভালোবাসা স্বপ্নের মতো। সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
প্রায় চার দশকের সংগীতজীবনে হিন্দিসহ বিভিন্ন ভাষায় এক হাজারের বেশি গান গেয়েছেন সোনু নিগম। তার জনপ্রিয় গান ও স্বতন্ত্র কণ্ঠের কারণে ভারতীয় সংগীতাঙ্গনে রয়েছে দীর্ঘদিনের পরিচিতি। তবে বিমানের এই ছোট্ট আয়োজন আবারও দেখিয়ে দিল, শিল্পী ও ভক্তের সম্পর্ক কখনো কখনো আনুষ্ঠানিক মঞ্চের বাইরেও কতটা সুন্দর হয়ে উঠতে পারে।




