ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন অনুষ্ঠান ‘খেলো বাংলা’র সেটে নির্মাণকাজ চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক টেকনিশিয়ান। শুক্রবার সন্ধ্যায় কলকাতার জোকার নারায়ণী স্টুডিওতে এ ঘটনা ঘটে। নিহত চন্দ্রকান্ত সোয়াইনের বয়স ৩২ বছর।
জানা গেছে, অনুষ্ঠানের সেট নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন চন্দ্রকান্ত। প্রায় ২০ ফুট উঁচু মইয়ে উঠে ফ্লেক্স লাগানোর সময় হঠাৎ নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনিশিয়ানদের গিল্ড সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় সেটে আলোকসজ্জা ও বৈদ্যুতিক সংযোগের কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যেতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‘খেলো বাংলা’ অনুষ্ঠানের শুটিং এখনো শুরু হয়নি। বর্তমানে শুধু সেট নির্মাণের কাজ চলছিল। দুর্ঘটনার পর সেখানে কাজ বন্ধ রাখা হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নিহত টেকনিশিয়ানের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গ্যাংটকে একটি চলচ্চিত্রের শুটিংয়ে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কলকাতার আরেক টেকনিশিয়ান পিন্টু মণ্ডল। তিনি টালিউডে লাইট বয় হিসেবে কাজ করতেন। পরপর এমন দুর্ঘটনায় বিনোদন অঙ্গনের কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।