বিশ্বখ্যাত ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচিকে দেখা যাওয়ার কথা ছিল ভারতের রাজনীতিক সোনিয়া গান্ধীর চরিত্রে। সিনেমার জন্য চুক্তিও হয়েছিল তার। কিন্তু নানা জটিলতায় আলোর মুখ দেখেনি সেই চলচ্চিত্র। প্রায় দুই দশক আগের অসমাপ্ত এই উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে সোনিয়া গান্ধীকে নিয়ে আরেকটি বায়োপিক নির্মাণের পরিকল্পনায়।
২০০৬ সালে ‘সোনিয়া’ শিরোনামে সিনেমাটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। লস অ্যাঞ্জেলেসভিত্তিক ভারতীয় নির্মাতা জগমোহন মুন্ধরার পরিচালনায় সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ বই অবলম্বনে চিত্রনাট্য তৈরির পরিকল্পনা ছিল। তবে কংগ্রেসের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর পর প্রকল্পটি বাধার মুখে পড়ে। ২০১২ সালে মনিকা বেলুচি জানান, চিত্রনাট্য তাঁর পছন্দ হয়নি। এ ছাড়া সিনেমাটি না হওয়ার পেছনে আরও কিছু কারণ ছিল বলে উল্লেখ করেন তিনি।
এদিকে সোনিয়া গান্ধীর প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং’ অবলম্বনে নতুন করে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন তেলেঙ্গানা কংগ্রেস নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত। তার পরিকল্পনা, হিন্দি ও তেলুগুসহ একাধিক ভাষায় সিনেমাটি নির্মাণ করা হবে। বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে নয়, বরং সোনিয়ার জীবন ও রাজনৈতিক পথচলা তুলে ধরাই হবে এর লক্ষ্য।
জগ্গা রেড্ডির পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিনে সিনেমা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। আর ২০২৮ সালের ৯ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সঙ্গেও আলোচনা করার কথা জানিয়েছেন।
প্রস্তাবিত সিনেমায় সোনিয়ার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ভারতের রাজনীতিতে তার দীর্ঘ পথচলার নানা অধ্যায় স্থান পেতে পারে। ইতালিতে শৈশব-কৈশোর, রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় ও বিয়ে, নেহরু-গান্ধী পরিবারের সদস্য হিসেবে জীবনযাপন এবং ইন্দিরা ও রাজীব গান্ধীর মৃত্যুর পর পারিবারিক সংকটের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া রাজনীতিতে প্রবেশ, কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ, ২০০৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব না নিয়ে মনমোহন সিংকে সেই পদে মনোনীত করার সিদ্ধান্ত এবং মনমোহন সিং ও রাহুল গান্ধীর সঙ্গে তাঁর রাজনৈতিক ভূমিকার বিষয়ও উঠে আসতে পারে। গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (এমজিএনআরইজিএস) প্রণয়নে তাঁর ভূমিকার প্রসঙ্গও পরিকল্পনায় রয়েছে।
তবে নতুন চলচ্চিত্রটির পরিচালক, অভিনয়শিল্পী ও শুটিং শুরুর সময় এখনো নির্ধারিত হয়নি। এমনকি সোনিয়া গান্ধীর সম্মতি পাওয়া গেছে কি না, সে বিষয়েও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বায়োপিক নির্মাণের উদ্যোগটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
সোনিয়া গান্ধীর রাজনৈতিক পথচলা
১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালিতে জন্মগ্রহণ করেন সোনিয়া গান্ধী। ১৯৬৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিয়ে করে দেশটিতে আসেন তিনি। ১৯৯১ সালে রাজীব গান্ধী নিহত হওয়ার পর কয়েক বছর রাজনীতির বাইরে ছিলেন। পরে ১৯৯৮ সালে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় দলটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা।