বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশের পর ৩১ সপ্তাহ পেরিয়ে গেলেও বিলবোর্ড ২০০ তালিকায় জায়গা ধরে রেখেছে। সর্বশেষ তালিকায় অ্যালবামটি ৪৬তম অবস্থানে রয়েছে। আগের সপ্তাহের তুলনায় পাঁচ ধাপ পিছিয়েছে এটি। তবে দীর্ঘ সময় ধরে তালিকায় অবস্থান অ্যালবামটির আন্তর্জাতিক জনপ্রিয়তার ধারাবাহিকতা তুলে ধরছে।
বুধবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড জানায়, বিলবোর্ড ২০০-তে অভিষেকেই শীর্ষস্থান অর্জন করে ‘আরিরাং’। এরপর টানা তিন সপ্তাহ এক নম্বরে ছিল বিটিএসের এই অ্যালবাম।
অ্যালবামের প্রধান গান ‘সুইম’-এর অবস্থানও উল্লেখযোগ্য। বিলবোর্ড গ্লোবাল ২০০-তে গানটি ২৮ নম্বরে রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজার বাদ দিয়ে হিসাব করা গ্লোবাল এক্সক্লুডিং ইউএস তালিকায় দশম স্থানে রয়েছে এটি। প্রকাশের পর থেকে এই তালিকার শীর্ষ দশে টানা ৩০ সপ্তাহ কাটিয়েছে গানটি।
অ্যালবামের সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও ব্যস্ত বিটিএস। চলতি সপ্তাহের শেষ দিকে ব্রাজিলের সাও পাওলোতে কনসার্টের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকায় তাদের পাঁচ শহরের পরিবেশনা শেষ হওয়ার কথা রয়েছে। এ অঞ্চলে দলটির কনসার্টগুলোতে ছয় লাখ ১০ হাজারের বেশি দর্শক অংশ নিয়েছেন।
বিশ্বভ্রমণের পরবর্তী পর্ব আগামী মাসে তাইওয়ানের কাওশিউং শহর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। অ্যালবাম ও কনসার্ট—দুই ক্ষেত্রেই বিটিএসের এই ব্যস্ততা বিশ্বজুড়ে দলটির ভক্তদের আগ্রহের কেন্দ্রে রেখেছে।




