অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। বিজয়া দশমী উপলক্ষে অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন তিনি। এ সময় দুজনকেই সাদা ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্বর্ণমন্দিরের দরবার সাহিবে প্রার্থনার সময় হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন সারা। হাত জোড় করে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। এর আগে ইনস্টাগ্রামে আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি ছবি প্রকাশ করে দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। এদিকে আগামী ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘উড়তা তীর’ সিনেমাটির।
‘পতি পত্নী ওর দো’-এর পর এটি তাঁদের দ্বিতীয় যৌথ প্রজেক্ট। তবে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নেপালের সেন্সর বোর্ড ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির সিনেমা আইন লঙ্ঘনের কারণে সেখানে ছবিটির প্রকাশ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।




