ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর মানহানি, বিভ্রান্তিকর তথ্য প্রকাশ এবং সাইবার হয়রানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে নোটিশটি পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন নাহার তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়া আনামকে ঘিরে কিছু আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করা হয়। 
এতে সানায়ার ব্যক্তিগত সম্মান ও পেশাগত পরিচিতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এ ছাড়া নোটিশে গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে। ওই বার্তায় তিশা লিখেছিলেন বলে দাবি করা হয়, “ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে”। পরবর্তী সময়ে সানায়ার ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে তাঁর সম্মানহানি করা হয়েছে বলেও নোটিশে অভিযোগ করা হয়। নোটিশে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে বোন হিসেবে উল্লেখ করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি ও উপহাসের পরিস্থিতি তৈরি করেছে।
 সানায়া আনাম ফ্যাশন ডিজাইনার এবং অন্যজন নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তাঁদের পেশাগত পরিচয় নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অনুমতি ছাড়া ছবি প্রকাশের বিষয়টিকে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর লঙ্ঘন হিসেবেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন নাহার তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামকে সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আদালতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।