দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। মেয়ের নাম রাখা হয়েছে দেবী পাড়ুকোন সিং। দুর্গাপূজার দশমী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের একটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এই তারকা দম্পতি।
ছবিতে সোনালি পোশাকে দীপিকার কোলে দেখা যায় সোনালি কাপড়ে মোড়ানো ছোট্ট দেবীকে। পাশে হাসিমুখে দাঁড়িয়ে রণবীর সিং। আর বড় মেয়ে দুয়া পাড়ুকোন সিং আদর করে ছোট বোনের কপালে চুমু দিচ্ছে। ক্রিম ও সোনালি রঙের পোশাকে পরিবারের চার সদস্যের এই মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।
ছবির সঙ্গে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যে ভরা’। একই পোস্টে ইংরেজি ও দেবনাগরী হরফে ছোট মেয়ের নামও প্রকাশ করেন তারা।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তান দুয়ার জন্মের খবর জানান এই দম্পতি। পরে ২০২৬ সালের এপ্রিলে দ্বিতীয় সন্তান আসার কথা প্রকাশ করেন তারা। গত ১৯ সেপ্টেম্বর জন্ম হয় তাদের দ্বিতীয় কন্যাসন্তানের।
২০১৩ সালে সঞ্জয় লীলা বানসালির ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান দীপিকা ও রণবীর। পরে ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেন তারা। দীর্ঘদিনের প্রেমের পর ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন এই তারকা জুটি।
কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন দুজন। রণবীরকে দেখা যাবে জয় মেহতা পরিচালিত জম্বি ঘরানার সিনেমা ‘প্রলয়’-এ। এতে তার বিপরীতে অভিনয় করবেন কল্যাণী প্রিয়দর্শন। অন্যদিকে আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমায় অভিনয় করবেন দীপিকা। এ ছাড়া শাহরুখ খানের ‘কিং’ সিনেমায়ও বিশেষ উপস্থিতিতে দেখা যাওয়ার কথা রয়েছে তার।