বলিউড সুপারস্টার শাহরুখ খানকে নতুন রূপে দেখা গেল তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর পোস্টারে। ঠোঁটের মাঝে গোলাপ, মুখজুড়ে রক্তের দাগ আর চোখেমুখে তীব্র অভিব্যক্তি—সব মিলিয়ে পোস্টারে এক ভিন্ন অবতারে হাজির হয়েছেন বলিউড বাদশাহ। সঙ্গে রয়েছে সংলাপ, ‘খুনি নই, প্রেমিক’।
শাহরুখের পরিচিত রোমান্টিক নায়কসুলভ ভাবমূর্তির বাইরে এমন অ্যাকশনধর্মী ও রহস্যময় লুক সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। নতুন পোস্টার ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন তিনি। এবার অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে নতুনভাবে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই পরিচালক ও অভিনেতা জুটি।
সিনেমাটিতে শাহরুখের মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। খলনায়কের ভূমিকায় থাকছেন অভিষেক বচ্চন। এ ছাড়া দীপিকা পাড়ুকোনের বিশেষ উপস্থিতি থাকার কথা রয়েছে বলে জানা গেছে।
‘কিং’ প্রযোজনা করছেন গৌরী খান, সিদ্ধার্থ আনন্দ ও মমতা আনন্দ। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।
২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর। তবে সিনেমাটির গল্প ও শাহরুখের চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।




