সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু হলেও মাহফুজ আহমেদ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীদের একজন হিসেবে। নব্বইয়ের দশকে ছোটপর্দায় তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাতা ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ ২৩ অক্টোবর তার জন্মদিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ‘সাপ্তাহিক পূর্ণিমা’য় রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করতেন মাহফুজ। রাজনৈতিক নেতাদের সাক্ষাৎকার নেওয়া এবং নিয়মিত সংবাদ তৈরি ছিল তার দায়িত্ব। তবে সাংবাদিকতার পাশাপাশি একসময় অভিনয়ের সুযোগ আসে তার সামনে। সেই সুযোগ থেকেই শুরু হয় নতুন এক যাত্রা।
‘কোন কাননের ফুল’ নাটকে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশনে অভিষেক হয় তার। ইমদাদুল হক মিলনের লেখা নাটকটি প্রযোজনা করেন ফখরুল আবেদিন দুলাল। প্রথম নাটকে সংলাপ ছিল মাত্র একটি। পরে ‘কোথাও কেউ নেই’ নাটকে মতি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এই চরিত্রই তাকে দর্শকের কাছে পৌঁছে দেয়।
এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করেন মাহফুজ। ‘শুরুর কবিতা’, ‘তোমাকে ছুঁয়ে’, ‘আমাদের নুরুল হুদা’, ‘একান্নবর্তী’ ও ‘দেবদাস’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে। ‘আমাদের নুরুল হুদা’য় নামভূমিকায় অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার পান তিনি। শমী কায়সার, বিপাশা হায়াত, আফসানা মিমি, অপি করিম, তারিন ও রিচি সোলায়মানসহ বিভিন্ন সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে পর্দা ভাগ করেছেন এই শিল্পী। মেহজাবীনের প্রথম নাটকেও তার বিপরীতে ছিলেন মাহফুজ।
শুধু অভিনয় নয়, পরিচালনাতেও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। ‘চৈতা পাগল’ ধারাবাহিক নাটকে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেন। পরে ‘তোমার দোয়ায় ভালো আছি মা’ ধারাবাহিকটি নির্মাণ করেন। হুমায়ূন আহমেদের একাধিক নাটকে অভিনয় করেও দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।
‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মাহফুজ আহমেদ। হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’ এবং তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’য় অভিনয় তার চলচ্চিত্রজীবনকে আরও সমৃদ্ধ করে। ‘লাল সবুজ’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ প্রযোজনা করেন। এই চলচ্চিত্রের জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাহফুজ।
চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করে সাম্প্রতিক সময়েও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। সাংবাদিকতা থেকে শুরু করে অভিনয়, পরিচালনা ও প্রযোজনা—দীর্ঘ পথচলায় নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে তার ক্যারিয়ার।
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আশীর্বাদ ও ভালোবাসা চেয়েছেন মাহফুজ আহমেদ। তার ভাষায়, ‘সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই। মানুষের দোয়া অনেক কিছু। সবাই দোয়ায় রাখবেন।’




