রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক সংগীতানুষ্ঠান। কার্নিভ্যাল অ্যারেনায় আয়োজিত এ কনসার্টে নিজ দল নগরবাউল নিয়ে মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, নগরবাউলের পাশাপাশি পরিবেশনায় অংশ নেবে আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।
এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনার পাশাপাশি একক পরিবেশনাও করবেন। সংগীতশিল্পী একে রাহুলের অংশ নেওয়ার কথাও জানানো হয়েছে। দীর্ঘ বিরতির পর দেশে টিকিটের বিনিময়ে আয়োজিত কনসার্টে অংশ নেওয়া নিয়ে জেমস বলেন, শ্রোতা-দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার আশা করছেন তিনি। দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও শিল্পীর অংশগ্রহণে আয়োজিত এই কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।




