জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জার ঝুলিতে যোগ হলো আরও দুটি স্বীকৃতি। ‘আমলনামা’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য দ্য ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড পাওয়ার পরদিনই ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। পরপর দুটি পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত তমা এখন সামনে আরও ভালো কাজ নিয়ে দর্শকদের কাছে ফিরতে চান।
‘নদীজন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তমা মির্জা চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম—দুই মাধ্যমেই নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। ‘সুড়ঙ্গ’ সিনেমা তাকে ব্যাপক আলোচনায় আনে। ‘দাগি’ এবং ‘আমলনামা’তেও তার অভিনয় দর্শক-সমালোচকদের নজর কাড়ে।
‘আমলনামা’র স্বীকৃতি নিয়ে তমা বলেন, এই কাজের জন্য পুরস্কার পেয়ে তিনি ভীষণ আনন্দিত। দর্শকদের কাছ থেকেও পেয়েছেন ইতিবাচক প্রতিক্রিয়া। চরিত্রটিতে অভিনয়ের সুযোগ ছিল বলেই কাজটি তার কাছে বিশেষ হয়ে উঠেছে।
ওয়েব ফিল্মটির পরিচালক রায়হান রাফীকে কৃতিত্ব দিয়ে তমা বলেন, তিনি অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। তার পরিচালনায় বরাবরই ভিন্নতার ছাপ থাকে, ‘আমলনামা’তেও সেই মেধার পরিচয় পাওয়া গেছে।
দ্য ডেইলি স্টার-ব্লেন্ডার্স চয়েস পুরস্কার পাওয়ার দিন মধ্যরাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তমা। সেখানে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে আরেকটি পুরস্কার অর্জন করেন। এই অর্জনের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
অভিনয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তমার বক্তব্য, ভালো ও মানসম্পন্ন কাজ করার দায়বদ্ধতা তিনি অনুভব করেন। ইতিমধ্যে বেশ কিছু ভালো কাজ করেছেন; এখন বেছে বেছে এমন প্রকল্পে যুক্ত হতে চান, যেখানে অভিনয়ের যথেষ্ট সুযোগ থাকবে। তিনি আশা করছেন, সামনে নতুন কাজের সুখবর দিতে পারবেন।

অভিনয়ের বাইরে নতুন অভিজ্ঞতাও যোগ হয়েছে তমার জীবনে। কয়েক মাস ধরে একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নিয়মিত অফিস করা ও নতুন সহকর্মীদের সঙ্গে কাজ করাকে উপভোগ করছেন এই অভিনেত্রী। নতুন পেশাগত পরিচয়টিও সুন্দরভাবে গড়ে তুলতে চান তিনি।

তমা বলেন, সবার ভালোবাসা নিয়েই কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও ভালো কাজের মধ্য দিয়ে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য।