অভিনেত্রী রাধিকা আপ্তের একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্রের শুটিং সেটের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে। এবার এ ধরনের ঘটনা ঠেকাতে শুটিং চলাকালে মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞার পরামর্শ দিয়েছেন অভিনেতা অনিরুদ্ধ সূর্য।
‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি পর্বে অভিনয় করা অনিরুদ্ধ বলেন, বর্তমান চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য এখন অনেকটাই স্বাভাবিক। এসব দৃশ্য ধারণের সময় ইন্টিমেসি কোঅর্ডিনেটরও থাকেন। তবে ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ অনুমতি ছাড়া প্রকাশ্যে চলে আসা অত্যন্ত অস্বস্তিকর বিষয় বলে মনে করেন তিনি।
অনিরুদ্ধ জানান, তিনি নিজে এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি। তবে এ ধরনের দৃশ্যের ভিডিও অনুমতি ছাড়া ছড়িয়ে পড়লে একজন অভিনয়শিল্পীর জন্য পরিস্থিতি কতটা বিব্রতকর হতে পারে, তা তিনি বুঝতে পারেন।
তার মতে, শুটিং সেটে কাজ করা কলাকুশলীদের সাধারণত গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়। অনুমতি ছাড়া কোনো ফুটেজ ধারণ বা প্রকাশের সুযোগ নেই।
রাধিকার ঘটনায় ভিডিওটি ঠিক কীভাবে বাইরে এসেছে, তা তিনি নিশ্চিতভাবে জানেন না। তবে সেটের ভেতর থেকে কিংবা বাইরে থেকে কেউ অননুমোদিতভাবে মোবাইলে দৃশ্য ধারণ করে থাকতে পারেন বলে ধারণা করেন তিনি।
অভিনয়শিল্পীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে অন্তরঙ্গ বা সংবেদনশীল দৃশ্যের শুটিংয়ের সময় সেটে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন অনিরুদ্ধ।
তার মতে, শুটিং চলাকালে মোবাইল ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকলে এ ধরনের ব্যক্তিগত ফুটেজ ফাঁসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।




