বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর তার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে তার হাতে ব্যান্ডেজ এবং কাঁধ ও বুকে ড্রেসিং দেখা গেছে। তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, টাইগার গুলিবিদ্ধ হননি। বারুদ ও ভাঙা কাচের টুকরার আঘাতে তার হাতে ক্ষত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কে একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে ফিরছিলেন টাইগার। এ সময় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। এতে অভিনেতার গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন। গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর টাইগারের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন একনাথ শিন্ডে। এ সময় অভিনেতার মা আয়েশা শ্রফও উপস্থিত ছিলেন। শিন্ডে বলেন, সৌভাগ্যক্রমে টাইগার নিরাপদে আছেন। মুম্বাইয়ে হুমকি ও সহিংসতার মাধ্যমে কারও আধিপত্য প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি সালমান খানের বাসভবনের বাইরে গুলিবর্ষণ, সাইফ আলী খানের বাসায় ছুরিকাঘাত, নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলিবর্ষণ এবং কপিল শর্মার ক্যাফেতে হামলার ঘটনাও তুলে ধরে চলচ্চিত্র অঙ্গনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনটি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, নির্দেশদাতাদের শনাক্ত, চাঁদাবাজির নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং চলচ্চিত্রকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তবে হামলাকারীদের পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হয়নি।