দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ তেমন দেখা যাচ্ছে না। ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ‘স্নেহের বন্ধন’ ও ‘কাটপিস’ সিনেমা দুটি মুক্তির পর থেকেই দর্শকসংকটে ভুগছে। একটি সন্ধ্যার প্রদর্শনীতে ‘স্নেহের বন্ধন’-এর ৩৭টি টিকিট বিক্রি হলেও এর মধ্যে ৩৫টিই কিনেছেন সিনেমাটির প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাধারণ দর্শক ছিলেন মাত্র দুজন। একই দিনে ‘কাটপিস’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে আটটি।
লায়ন সিনেমাসের প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক গণমাধ্যমকে জানান, মুক্তির প্রথম দিন থেকেই সিনেমা দুটির একাধিক প্রদর্শনী দর্শকশূন্য ছিল। শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত দুটি প্রদর্শনীতেও একটি টিকিট বিক্রি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা দুটি নিয়ে প্রচারণা চালানো হলেও প্রেক্ষাগৃহে দর্শক টানতে তা কার্যকর হয়নি বলে দেখা যাচ্ছে। ‘স্নেহের বন্ধন’ দেখে দর্শকের আবেগাপ্লুত হওয়ার দাবি কিংবা পরিবার নিয়ে দেখার উপযোগিতার প্রচারণার বিপরীতে টিকিট বিক্রির চিত্র হতাশাজনক।
মির্জা আবদুল খালেক বলেন, সিনেমা মুক্তির আগে পোস্টার ছাপানোসহ প্রচারণায় অর্থ ব্যয় করতে হয়। কিন্তু দর্শক না এলে প্রযোজকের পাশাপাশি প্রেক্ষাগৃহমালিককেও লোকসান গুনতে হয়। বিদ্যুৎ, শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ও অন্যান্য পরিচালন ব্যয় থাকায় দর্শক ছাড়া প্রদর্শনী চালানো কঠিন।
তিনি বলেন, ভালো সিনেমা নির্মাণের পাশাপাশি কার্যকর প্রচারণা জরুরি। সিনেমা দেখে দর্শকের মুখে মুখে ইতিবাচক প্রচার তৈরি না হলে দর্শক বাড়ানো কঠিন।
কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। সিনেমাটির প্রযোজক শাহ আলম। মুক্তির আগে ছাদখোলা বাসে ঢাকা শহরে প্রচারণা চালান তারা। লায়ন সিনেমাস ছাড়াও দেশের আরও ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তবে সেসব প্রেক্ষাগৃহেও দর্শক উপস্থিতি সন্তোষজনক নয় বলে জানা গেছে। একই পরিস্থিতি ‘কাটপিস’ সিনেমাটিরও।