আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক বিরোধিতার কারণে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা জুলাই শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।
সোমবার (১৯ অক্টোবর) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধিতার জন্যই বিরোধিতা করা হচ্ছে। জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধী দলের অংশ না নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এতে জুলাইয়ের চেতনার প্রতি তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিরোধী দল আবারও আগের অবস্থানে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সব বিষয়ে একমত না হলেও দেশের স্বার্থে বিভেদ না বাড়িয়ে গঠনমূলক সমালোচনা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—দুটিই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আগামী পাঁচ বছরের জন্য জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে সচেতনতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সরকারি দল বা বিরোধী দল চেনে না। এ রোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন তিনি।




