ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে স্থান পেয়েছে স্বাধীন প্রামাণ্যচিত্র নির্মাতা মোহাম্মদ আতিউর রহমানের নির্মিত ‘নৌকাবাইচ’। বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের নানা চিত্র তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে।
১৮ অক্টোবর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাধারণ মানুষের জীবনচিত্র ধারণের লক্ষ্য নিয়ে নির্মিত হয়েছে ‘নৌকাবাইচ’। ক্যামেরার মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা আতিউর রহমান।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়াকে প্রামাণ্যচিত্রটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচের সংস্কৃতি বৃহত্তর দর্শকগোষ্ঠীর সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
আতিউর রহমান আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উৎসবে প্রামাণ্যচিত্রটির প্রদর্শন নিশ্চিত করা সম্ভব হবে। তার প্রত্যাশা, ‘নৌকাবাইচ’ দেশের লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি পরিচিত করে তুলতে ভূমিকা রাখবে।