চুলে বেলি ফুলের গাজরা, অফহোয়াইট শাড়ি আর মিষ্টি হাসি—চিরায়ত বাঙালি সাজে ভক্তদের মুগ্ধ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত তার নতুন ভিডিওটি নজর কেড়েছে অনুরাগীদের।
শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন জয়া। ক্যাপশনে তিনি লেখেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’
ভিডিওতে জয়ার পরনে ছিল গোলাপি নকশার পাড়যুক্ত অফহোয়াইট শাড়ি ও মানানসই ব্লাউজ। কানে ভারী দুল, হাতে অলংকার আর চুলে বেলি ফুলের গাজরা তার সাজে যোগ করেছে বাঙালিয়ানার ছোঁয়া। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, কখনো শাড়ির আঁচল সামলাচ্ছেন, আবার কখনো চুলের ফুল ঠিক করছেন অভিনেত্রী।
ভিডিওতে যুক্ত করা হয়েছে পুরোনো দিনের বাংলা গান ‘তোমারই আছি’। গানের সুর, জয়ার সাবলীল অভিব্যক্তি ও ঐতিহ্যবাহী সাজ মিলিয়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। ভিডিওটি প্রকাশের পর তার সাজ ও উপস্থিতি নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা।
অভিনয়ের পাশাপাশি পোশাক ও ফ্যাশনের বৈচিত্র্য দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। আধুনিকতার সঙ্গে বাঙালির চিরায়ত ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এবারও শারদীয় উৎসবে ভিন্নভাবে ধরা দিয়েছেন তিনি।




