ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর শারদীয় দুর্গাপূজার সাজ ও ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর হালকা গয়নায় তাঁর উপস্থিতি নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা। সাম্প্রতিক সময়ে বড়পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রীকে। 
সর্বশেষ কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায় তাঁকে দেখা যায়। এর বাইরে নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছে তাঁকে ঘিরে। দুর্গাপূজা উপলক্ষে এবার উৎসবের আমেজে মেতেছেন পূজা চেরী। পূজার শুরু থেকেই বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘুরছেন তিনি। সপ্তমীতে বনানীর আলোচিত একটি পূজামণ্ডপে যাওয়ার ছবিও ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেত্রী। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমী উপলক্ষে আরও কয়েকটি ছবি প্রকাশ করেন পূজা। 
লাল পাড়ের সাদা শাড়ি ও সাধারণ সাজে তোলা ছবিগুলোতে তাঁকে দেখা যায় একটি বাড়ির ভেতরে তৈরি পূজামণ্ডপ এবং পুকুরপাড়ে। ছবির ক্যাপশনে পূজা চেরী সবার দুঃখ দূর হওয়া, অন্ধকার কেটে আলো আসা এবং মানুষের মনে নতুন আশার সঞ্চার হওয়ার প্রার্থনা জানান। একই সঙ্গে সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা জানান তিনি। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকে নানা প্রশংসাসূচক মন্তব্য আসে। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ সরাসরি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।