আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে অ্যান হ্যাথাওয়ের নামে প্রচারিত একটি বক্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি কঙ্গনা রানাওয়াত। একই সঙ্গে নিজের জীবনের শুরুর দিকের আর্থিক স্বাধীনতার প্রসঙ্গও সামনে এনেছেন তিনি।

প্রচারিত ওই বক্তব্যে বলা হয়, অল্প বয়সেই অ্যান হ্যাথাওয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজের খরচ চালানোর জন্য তিনি অন্য কারও ওপর নির্ভর করবেন না। সেই সিদ্ধান্ত অনুযায়ীই তিনি নিজের জীবন পরিচালনা করেছেন।

বক্তব্যটি শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘তোমাদের মধ্যে কে কে ১৫ বছর বয়সে নিজের কাছে এমন কথা বলেছিল? হাত তোলো।’

কঙ্গনা এর আগেও জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন। অভিনয়ের সুযোগের সন্ধানে নিজের শহর ছেড়ে দিল্লিতে যান তিনি। সেখানে মডেলিংয়ের পাশাপাশি থিয়েটারেও কাজ শুরু করেন।

পরবর্তী সময়ে ‘গ্যাংস্টার’ সিনেমার জন্য অডিশন দিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান কঙ্গনা। সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হয়।

ক্যারিয়ারের শুরুর সময়ের নানা সাক্ষাৎকারে আর্থিক সংকটের কথাও জানিয়েছেন তিনি। এমন সময়ও গেছে যখন খুব সাধারণ খাবার খেয়ে দিন কাটাতে হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

কঙ্গনা আরও জানিয়েছিলেন, একবার তার বাবা তাকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ৫০ হাজার রুপি দেওয়ার কথাও বলেছিলেন। তবে নিজের খরচ নিজেই চালাতে চাওয়ায় সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি।

তবে নিজের ক্যারিয়ার শুরুর বয়স নিয়ে কঙ্গনার বক্তব্য বিভিন্ন সময়ে কিছুটা ভিন্ন ছিল। ২০১৬ সালে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তার কাজ শুরুর বয়স ১৭ বছর বলে উল্লেখ করা হয়েছিল। অন্যদিকে কয়েকটি সাক্ষাৎকারে তিনি প্রায় ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে দিল্লিতে থাকার কথা বলেছেন।

দিল্লিতে তিনি অরবিন্দ গৌরের ‘আসমিতা’ থিয়েটার দলের সঙ্গে যুক্ত হন এবং পাশাপাশি মডেলিং করেন।