অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি কনটেন্টে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্ট। একই সঙ্গে তাকে নিয়ে তৈরি অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সামান্থার করা মামলার শুনানিতে বিচারপতি মাধব জামদার এ অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন।

মামলায় সামান্থার অভিযোগ, তার পরিচয় ও ব্যক্তিসত্তা ব্যবহার করে অনুমতি ছাড়াই এআই-নির্মিত ডিপফেক, বিকৃত ছবি ও ভিডিওসহ বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছেন তিনি।

আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বলা হয়, এ ধরনের কনটেন্টের মাধ্যমে সামান্থার ব্যক্তিসত্তা ও প্রচার-সংক্রান্ত অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

আদালত আরও উল্লেখ করেন, ভারতের সংবিধানের আওতায় মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, গোপনীয়তা ও মানবিক মর্যাদার অধিকার রয়েছে সামান্থার। পাশাপাশি অভিনয়শিল্পী হিসেবে কপিরাইট আইনের অধীনেও তার কিছু নৈতিক অধিকার রয়েছে।

এ ঘটনায় সামান্থা অজ্ঞাতনামা ব্যক্তি ছাড়াও বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা, ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান ও ই-কমার্স সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অনুমতিহীন কনটেন্ট অপসারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট তৈরি বা প্রকাশ বন্ধ এবং ক্ষতিপূরণের দাবিও করা হয়েছে।

মামলায় প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাসহ মোট ১৮ জন বিবাদী রয়েছেন।সামান্থার আইনজীবীরা আদালতকে জানান, অভিনেত্রীর ব্যবসায়িক কার্যক্রম মূলত মুম্বাইভিত্তিক হলেও বিদেশে থাকা কয়েকজন বিবাদীর কার্যক্রমও মামলার সঙ্গে সংশ্লিষ্ট।

আদালতের অন্তর্বর্তীকালীন আদেশে সামান্থাকে ঘিরে অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তার নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।