এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চলতি মাসের ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর ফল প্রকাশের নির্দিষ্ট দিন আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে সুবিধাজনক একটি দিনে ফল প্রকাশের বিষয়ে মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করছে।
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়। পরে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সর্বোচ্চ—৩ লাখ ৩৯৩ জন। রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭, সিলেটে ৭১ হাজার ৭১১ এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী ছিল।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাব অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিন নিশ্চিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর।




