চট্টগ্রাম নগরীর সড়ক উন্নয়নে গতি বাড়ানোর পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ঠিকাদারদের কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থ ব্যয়ের পাশাপাশি কাজের স্থায়িত্ব ও মান নিশ্চিত করা জরুরি। ঠিকাদার যে-ই হোক, নির্ধারিত মান বজায় রেখেই কাজ সম্পন্ন করতে হবে। নিম্নমানের নির্মাণকাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি জানান, গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দারা দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে প্রত্যাশিত উন্নয়নসুবিধা থেকে বঞ্চিত ছিলেন। নগরীর কোনো একটি নির্দিষ্ট এলাকাকে প্রাধান্য না দিয়ে সব ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে চসিক। আগামী ছয় মাসে সড়ক উন্নয়ন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পর্যায়ক্রমে নগরীর অলিগলির রাস্তাও উন্নয়নের আওতায় আনা হবে।
উন্নয়নকাজের তদারকিতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, এসব সড়ক ব্যবহার করবেন এলাকার মানুষ ও তাদের পরিবারের সদস্যরা। তাই নির্মাণকাজে কোনো অনিয়ম হচ্ছে কি না, তা নজরে রাখা প্রয়োজন। কোথাও কাজের মান নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্টদের অবহিত করার পাশাপাশি সরাসরি তার কাছেও অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গোসাইলডাঙ্গা ওয়ার্ডে তিনটি পৃথক প্রকল্পের মাধ্যমে সড়ক ও ড্রেন উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে বি নাগ লেইন, বিভিন্ন গলি ও আজিজ মিয়া গোডাউন রোডের উন্নয়নে ব্যয় হয়েছে ৫৬ লাখ ৮০ হাজার টাকা। ফকিরহাট রোড, বেচা শাহ রোড ও বাই লেইনসমূহের জন্য বরাদ্দ ছিল ৭৮ লাখ ৩০ হাজার টাকা।
অন্যদিকে বারিক মিয়া স্কুল রোড, বারিক মিয়া বাড়ি রোড, কে বি দোভাষ লেইন এবং মৌলভী আহমদ উল্লাহ রোডের উন্নয়নকাজে ব্যয় হয়েছে ৮৫ লাখ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে তিনটি প্রকল্পে ব্যয়ের পরিমাণ ২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।
প্রকল্পগুলোর আওতায় সড়ক নির্মাণ ও সংস্কারের পাশাপাশি ড্রেন তৈরি, স্ল্যাব স্থাপন, সলিং, সাব-বেইজ, ম্যাকাডম, বিটুমিনাস কার্পেটিং এবং সড়কে চিহ্ন অঙ্কনের কাজ করা হয়েছে। এসব কার্যক্রমের ফলে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করছে সিটি কর্পোরেশন।
প্রশাসক বলেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়ে তোলার লক্ষ্যে চসিকের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। আধুনিক চট্টগ্রাম নির্মাণে সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন।
অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।