২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার ঢাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত ‘দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। শিক্ষার্থীদের ইংরেজিতে যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করতে হবে। এসব দক্ষতা অর্জন করতে পারলে তরুণ জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে।
ইংরেজি শিক্ষার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে শিক্ষকদেরও দক্ষতা উন্নয়ন প্রয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজিতে পড়াশোনা করেও অনেক শিক্ষার্থী সাবলীলভাবে কথা বলা, লেখার মাধ্যমে ভাব প্রকাশ এবং পেশাগত যোগাযোগে সমস্যায় পড়েন। এ অবস্থা পরিবর্তনে মুখস্থনির্ভর শিক্ষার বদলে ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে।
ববি হাজ্জাজ বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞান অর্জনে ইংরেজির গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক গবেষণা ও প্রযুক্তিগত তথ্যের বড় অংশ এ ভাষায় প্রকাশিত হয়। তবে নিজস্ব ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করাও প্রয়োজন।
তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে তরুণদের উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তাঁদের জন্য সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয় ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করাও জরুরি।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলিইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও টেসল সোসাইটি অব বাংলাদেশের সদস্যরাও এতে অংশ নেন।