২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এতে নতুন করে কতজন শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত বিস্তারিত ফল থেকে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে সংশোধিত ফল প্রকাশ করে। এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। ফলে নম্বর যোগ-বিয়োগের ভুল সংশোধনের পাশাপাশি উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।
ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি বোর্ডে আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের জন্য আবেদন করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি, রাজশাহীতে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি এবং কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি আবেদন জমা পড়ে।
এ ছাড়া দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটে সংশোধিত ফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল জানানো হয়েছে।




