জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র, রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ এবং ঢাকা, গাজীপুর ও রংপুরের নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে।৭ অক্টোবর সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন।


অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।


রামপালে সৌর বিদ্যুৎকেন্দ্র

রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে প্রকল্প ঋণ ও অনুদান ২ হাজার ১২৩ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৪ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা।

প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নগর অবকাঠামো উন্নয়নে বড় বরাদ্দ

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ব্যয় ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা বাড়ানো হয়েছে। ফলে মোট ব্যয় দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকা।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ উন্নয়নে ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

তিন জেলায় গ্রামীণ অবকাঠামো

সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। পুরো অর্থই সরকারি অর্থায়নে দেওয়া হবে।

রেলওয়ের জন্য ৩০ লোকোমোটিভ

রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ এবং প্রকল্প ঋণ ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা।

গাজীপুর ও রংপুরে উন্নয়ন

গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসনে আরও ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

অন্যান্য প্রকল্প

বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান এবং দুটি স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ২ হাজার ১৬৮ কোটি ৮৮ লাখ টাকা করা হয়েছে। প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়নে ২১১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।

পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণে ২০৩ কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক প্রকল্পের ব্যয় বাড়িয়ে ৯২৬ কোটি ১২ লাখ ৩২ হাজার টাকা করা হয়েছে এবং মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ ছাড়া সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে ১৮৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।এর বাইরে ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে আগে অনুমোদিত হয়েছে বলে একনেককে জানানো হয়েছে।