দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। আগামীকাল রবিবার (২২ নভেম্বর) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এবারের মেলায় ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রতিষ্ঠান।
পাদুকা, চামড়া ও পাটজাত সামগ্রী, হস্তশিল্প, পোশাক, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, ভেষজ সামগ্রী, গহনা এবং প্রযুক্তিপণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। আমদানিকৃত পণ্য বিক্রি বা প্রদর্শনের সুযোগ থাকছে না। দর্শনার্থীদের প্রবেশও সম্পূর্ণ বিনামূল্যে।
মন্ত্রী জানান, দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠানে ৩ কোটি ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা কেনাকাটা করতে পারবেন। আয়োজনের অংশ হিসেবে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভিন্ন বিভাগে নয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে।
শিল্পমন্ত্রী বলেন, আগের ১২টি জাতীয় এসএমই মেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়ে ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন। পাশাপাশি ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির ক্রয়াদেশ পাওয়া গেছে। নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে এবারের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।