ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড় কমাতে একযোগে একাধিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে বিশেষ সুবিধা, ব্যাংকগুলোর ওপর কঠোর নজরদারি, ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং আইনি সংস্কারের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ এ হার ১০ শতাংশে নামানোর পরিকল্পনাও রয়েছে।
তবে লক্ষ্য অর্জনের পথ যে কঠিন, তার ইঙ্গিত মিলছে সর্বশেষ পরিসংখ্যানে। গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। বিতরণ করা মোট ঋণের বিপরীতে এর হার ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোর কার্যক্রম গতিশীল করতে গত ২০ নভেম্বর নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি বকেয়া অর্থ আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
গত ২৯ জুন চালু হওয়া এ সুবিধায় নির্দিষ্ট শর্ত পূরণ করে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে থাকা ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে। ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রাখা হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক ঋণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃতফসিল করা কিছু ঋণ এ সুবিধার আওতায় আসবে। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এ জন্য ঋণ আদায় বাড়ানোর পাশাপাশি ব্যাংক খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ চলছে। যেসব ব্যাংকে খেলাপি ঋণের বোঝা বেশি, সেগুলোর ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনায় দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠকের বিষয়টিও রয়েছে। যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, তাদের ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিতে হচ্ছে। পাশাপাশি প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছ থেকে অর্থ আদায়ের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।
ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাংকগুলোর নিজস্ব সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে তাদের ব্যাংক ঋণগ্রহীতাদের পরিশোধ সক্ষমতা যাচাই, নিয়মিত যোগাযোগ এবং বকেয়া আদায়ে কার্যক্রম জোরদার করেছে। তার মতে, বিশেষ নিষ্পত্তি সুবিধা দীর্ঘদিনের অনাদায়ি ঋণ আদায়ের ক্ষেত্রে সহায়ক হতে পারে।
শুধু পুরোনো ঋণ আদায় নয়, ভবিষ্যতে যাতে নতুন করে খেলাপি ঋণ না বাড়ে, সে জন্যও ঝুঁকি ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ চলছে। এর অংশ হিসেবে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নির্দেশনা শক্তিশালী করা হচ্ছে। ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস-৯ অনুযায়ী এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) পদ্ধতি চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ ব্যবস্থায় ঋণের সম্ভাব্য ক্ষতি আগেই মূল্যায়ন করা এবং সে অনুযায়ী ব্যাংকের সঞ্চিতি সংরক্ষণের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া ঋণ আদায়ে ভালো ফল করা ব্যাংক কর্মকর্তাদের প্রণোদনা দেওয়া এবং নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের জন্য বিদ্যমান সুবিধা পর্যালোচনার পরিকল্পনা রয়েছে। ঋণ বিতরণে অনিয়ম ঠেকানো, জামানতের যথাযথ মূল্যায়ন এবং বড় ঋণগ্রহীতাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ উদ্ধারে আইনি কাঠামো পরিবর্তনের উদ্যোগও রয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এর মাধ্যমে ঋণসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি ও আটকে থাকা অর্থ উদ্ধারের প্রক্রিয়া সহজ করার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অবস্থান, পুনর্গঠন কিংবা পুনঃতফসিলের সুবিধা পাবে কেবল সেই প্রতিষ্ঠান, যাদের ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা এবং ঋণ পরিশোধের বাস্তব সামর্থ্য রয়েছে। অন্যদিকে, ইচ্ছাকৃত বা সক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে ব্যর্থদের বিরুদ্ধে আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ব্যাংক খাতে খেলাপি ঋণের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের এসব উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর। বিশেষ করে বড় ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায় এবং নতুন করে ঋণ অনিয়ম বন্ধ করতে পারলেই নির্ধারিত লক্ষ্যের দিকে এগোনো সম্ভব হবে।