দেশে কর্মসংস্থানের নানা সম্ভাবনা থাকলেও দক্ষতা, প্রশিক্ষণ, অর্থায়ন ও প্রয়োজনীয় সুযোগের অভাবে চাকরি পাচ্ছেন না অনেক তরুণ। এমনকি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পরও মিলছে না কাজের নিশ্চয়তা। শিল্প খাতের বিস্তার ঘটলেও উৎপাদন খাতে কর্মসংস্থান কমে যাওয়ার চিত্র উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির এক গবেষণায়।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মেসো-ইকোনমি ও মিসিং মিডল: তরুণদের জন্য সুযোগ কেন ফল হয়ে ফিরছে না’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়। এতে সহযোগিতা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন। রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম ও বান্দরবানের অর্থনৈতিক সম্ভাবনা এবং কর্মসংস্থানের প্রতিবন্ধকতা পর্যালোচনা করা হয়েছে গবেষণায়।
অনুষ্ঠানে পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের পেছনে রাজনৈতিক দাবির পাশাপাশি অর্থনৈতিক ন্যায়বিচারের আকাঙ্ক্ষাও গুরুত্বপূর্ণ ছিল। তরুণদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজের সুযোগ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ। জাতীয় নীতি ও ব্যক্তিগত অর্থনীতির মধ্যবর্তী স্তরে যে বাধাগুলো রয়েছে, সেগুলো দূর না হলে সম্ভাবনাকে কর্মসংস্থানে রূপ দেওয়া কঠিন।
গবেষণায় ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের তথ্য তুলে ধরে বলা হয়, দেশে ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। অর্থাৎ উচ্চশিক্ষা শেষ করেও উল্লেখযোগ্যসংখ্যক তরুণ কর্মহীন। অন্যদিকে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে শিল্প খাতের গড় প্রবৃদ্ধি ৯ দশমিক ১ শতাংশ হলেও উৎপাদন খাতে কর্মসংস্থান কমেছে ৯ দশমিক ৬ শতাংশ।
পাঁচ অঞ্চলের পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর সুযোগ রয়েছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো, প্রক্রিয়াজাতকরণ, প্রশিক্ষণ ও আর্থিক সেবার ঘাটতি অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
রাজশাহীতে আম উৎপাদন বেশি হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ হয়নি। ফলে কৃষিপণ্য থেকে বাড়তি আয় এবং নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। রেশম শিল্পেও অব্যবহৃত সম্ভাবনার কথা উঠে এসেছে।
যশোরে ফুল, মৎস্য, হালকা প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি খাতে উদ্যোগের সুযোগ থাকলেও প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সহযোগিতার ঘাটতি রয়েছে। চট্টগ্রামে বন্দর, শিল্প ও ডিজিটাল সেবায় চাকরির ক্ষেত্র থাকলেও অভিজ্ঞতা ছাড়া তরুণদের নিয়োগ পেতে সমস্যা হচ্ছে। নিয়োগদাতারাও ব্যবহারিক দক্ষতাসম্পন্ন কর্মী পাওয়ার সংকটের কথা জানিয়েছেন।
নোয়াখালীর উপকূলীয় এলাকায় কৃষি ও প্রাণিসম্পদ খাতে সম্ভাবনা থাকলেও স্থানীয় প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং উপযোগী ঋণব্যবস্থার অভাবে উদ্যোক্তারা এগোতে পারছেন না। বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণ পেতে জমির দলিল ও স্বামীর স্বাক্ষরের মতো শর্ত বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
অন্যদিকে বান্দরবানে কফি, কাজুবাদাম, ফল চাষ, মৌ চাষ, পর্যটন ও হস্তশিল্পের সম্ভাবনা থাকলেও সড়ক যোগাযোগ, হিমাগার এবং বাজারব্যবস্থার দুর্বলতায় উৎপাদকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বাধা দূর করতে গবেষণায় সাতটি অগ্রাধিকারভিত্তিক প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বেতনসহ শিক্ষানবিশ কর্মসূচি চালু, নিয়োগদাতাদের প্রশিক্ষণে সম্পৃক্ত করা, আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণের কিস্তি নির্ধারণ এবং নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির জটিল শর্ত শিথিল করা।
এ ছাড়া ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য সহজ লাইসেন্সিং ব্যবস্থা, নিরাপদ যাতায়াত, শিশুযত্নের সুবিধা এবং আদিবাসী জনগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষার সুযোগ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, আঞ্চলিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথ তৈরি হতে পারে।