দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় এবং পরিবহন সংকটকে দায়ী করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটির দাবি, এসব কারণে আমদানিকারকদের খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ের দামে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বারের সই করা এক বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির কারণগুলো তুলে ধরা হয়। পাশাপাশি এলপিজির দাম নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ওঠা বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
লোয়াবের তথ্য অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ ব্যয় হয় আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস সংগ্রহ ও দেশে আমদানিতে। অবশিষ্ট অর্থের মধ্যে রয়েছে কর, সিলিন্ডারে গ্যাস ভরা, পরিবহন, মুনাফা এবং বিক্রেতাদের কমিশন। ফলে বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।
সংগঠনটি জানায়, সৌদি আরামকোর নির্ধারিত কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে ২০২৫ সালে প্রতি টন এলপিজির গড় মূল্য ছিল ৫৫২ ডলার। চলতি বছর একই সময়ে তা বেড়ে প্রায় ৬৬৬ ডলারে পৌঁছেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে কাঁচামালের দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ।
মধ্যপ্রাচ্যের সংঘাতও আমদানি ব্যয় বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে সংগঠনটি। তাদের ভাষ্য, যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী ও বাব-এল-মান্দেব নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এতে সরবরাহ চুক্তি বাতিল ও পণ্য পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
লোয়াব আরও জানিয়েছে, দেশের চাহিদার প্রায় ৮০ শতাংশ এলপিজি বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে। পাশাপাশি ডলারের বিপরীতে টাকার মূল্য প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় আমদানিকারকদের স্থানীয় মুদ্রায় ব্যয় বেড়েছে।
ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি হওয়ার ব্যাখ্যায় বন্দর অবকাঠামোর সীমাবদ্ধতার বিষয়টি সামনে এনেছে সংগঠনটি। তাদের দাবি, ভারতের গভীর সমুদ্রবন্দরে বড় জাহাজ সরাসরি পণ্য খালাস করতে পারলেও বাংলাদেশের ক্ষেত্রে গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে গ্যাস স্থানান্তর করতে হয়। এ প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন সময় লাগে। একটি বড় গ্যাসবাহী জাহাজ পরিচালনায় প্রতিদিন প্রায় দুই লাখ ডলার ব্যয় হওয়ায় আমদানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এ পরিস্থিতি থেকে উত্তরণে মহেশখালীতে এলপিজি সংরক্ষণ ও খালাসের জন্য স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে লোয়াব। সংগঠনটির মতে, সরকারি বা যৌথ উদ্যোগে এ ধরনের অবকাঠামো গড়ে উঠলে আমদানি ব্যয় কমানো সম্ভব হবে।
এদিকে নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশনার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। লোয়াব জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট অপারেটর ও পরিবেশকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।