দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার মধ্যে ১৪৭টি কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকশিল্পে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের অন্যতম এই খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি এ পরিস্থিতিতে পোশাকশিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।



