শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছেন তৈরি পোশাক কারখানার মালিকেরা। কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য সেটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট মালিকেরা। আজ রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে মালিকদের বৈঠক শেষে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানার মালিকেরা অংশ নেন।
বিজিএমইএ সভাপতি জানান, ইতোমধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুসারে বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। রোববার থেকে যেসব কারখানায় উৎপাদন চালানো সম্ভব হবে না, সেগুলোর মালিকেরা একই ধারায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।
মাহমুদ হাসান খান বলেন, মালিকদের পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ শ্রমিকই কাজে ফিরতে আগ্রহী। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তাদের উসকানিতে কিছু শ্রমিক নিজেরা কাজ বন্ধ রাখার পাশাপাশি অন্যদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় উৎপাদন পরিবেশ নষ্ট হচ্ছে।
তিনি বলেন, এ পরিস্থিতিতে দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অর্থনীতিও চাপে পড়ছে। এমনকি শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দায়িত্বে থাকা বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। চলমান অস্থিরতার মধ্যে মজুরি বোর্ডের বৈঠক আয়োজনকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, আগামী সোমবারের সভায় মালিকপক্ষের প্রতিনিধি নতুন মজুরির প্রস্তাব দেবেন। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।
এদিকে শ্রমিক অসন্তোষের পেছনে নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে কয়েকজনের বিষয়ে অনুসন্ধান চলছে। গাজীপুরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটকের কথাও জানিয়েছে পুলিশ। পাশাপাশি কয়েকজন পোশাক কারখানার মালিকের সম্পৃক্ততার তথ্য পাওয়ার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
এর আগে শুক্রবার শ্রমিক সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে মালিকদের প্রতি ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানিতে প্রভাবিত না হয়ে কাজে ফেরার পরামর্শ দেন নেতারা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালোতালিকাভুক্ত না করা এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল। এ সময় একটি পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। একপর্যায়ে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বেতন বৃদ্ধির দাবি ও এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে সড়ক অবরোধের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে শ্রমিক আন্দোলনের আড়ালে সড়ক অবরোধ ও কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গাজীপুরে ছাত্রলীগ ও যুবলীগের ২০ নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানিয়েছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, ভোগড়া বাইপাস, গাছা, বাসন, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে। একই সঙ্গে বহিরাগতদের তৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে স্থানীয় বাসিন্দা ও বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।