বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়েছে। বুধবার (৭ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮২ সেন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে বেচাকেনা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসা শক্তিশালী ঝড়ের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবও তেলের বাজারে পড়েছে।
এদিকে সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়েও উদ্বেগ বেড়েছে। ফলে বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে।

মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তা মূল্যবৃদ্ধি ঠেকাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারেনি। বাজার বিশ্লেষকদের নজর এখন যুক্তরাষ্ট্রের ঝড়ের প্রভাব, সরবরাহ পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার দিকে। এসব ক্ষেত্রে নতুন কোনো বিঘ্ন দেখা দিলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা