জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তব কাজে পরিণত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু সম্মেলনে প্রতিশ্রুতি দিলেই হবে না, তা বাস্তবায়নে পর্যাপ্ত অর্থ ও কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে হবে। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজে পাওয়া যায়, এমন পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে নেপাল প্যাভিলিয়নে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ‘এলডিসি পার্লামেন্টারিয়ানস অ্যাট কপ৩১: টার্নিং ক্লাইমেট ডিক্লারেশনস ইনটু অ্যাকশন’ শীর্ষক আলোচনায় জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন এবং দিলি ঘোষণার বাস্তবায়ন নিয়ে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
শেখ ফরিদুল ইসলাম বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর দায় তুলনামূলক কম। অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি সামলাতে হচ্ছে এসব দেশকে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা কৃষি, খাদ্যনিরাপত্তা, মানুষের জীবিকা এবং অবকাঠামোর জন্য বড় সংকট তৈরি করছে।
তিনি বলেন, জলবায়ু সংকটের ঐতিহাসিক দায় যেসব উন্নত দেশের বেশি, আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণে তাদের আরও দায়িত্বশীল হতে হবে। অভিযোজন, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়ন বাড়াতে হবে। পাশাপাশি ঋণের বোঝা না বাড়িয়ে অর্থায়ন প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও ন্যায়সংগত করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রীর মতে, ২০২৬ সালের এলডিসি দিলি মন্ত্রী পর্যায়ের জলবায়ু ঘোষণা স্বল্পোন্নত দেশগুলোর দাবি ও অগ্রাধিকার তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে এ ঘোষণার সুফল পেতে হলে সংসদ সদস্যদেরও সক্রিয় হতে হবে। জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন, নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ এবং সরকারি কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে ঘোষণার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।
জলবায়ু মোকাবিলায় প্রযুক্তিগত সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। স্থানীয় পর্যায়ে দুর্যোগ সহনশীলতা বাড়াতে উন্নত দেশগুলোর কাছ থেকে প্রযুক্তি হস্তান্তর এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ওপর জোর দেন।
জ্বালানি খাত প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। তবে এই পরিবর্তন যেন স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তাকে বাধাগ্রস্ত না করে, সেদিকেও নজর রাখা জরুরি। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ুবান্ধব আইন প্রণয়ন, সরকারি অর্থ ব্যয়ের নজরদারি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংসদীয় উদ্যোগ জোরদার করা প্রয়োজন। বিভিন্ন দেশের আইনপ্রণেতাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ কার্যক্রমও বাড়াতে হবে।
বৈঠকে নেপালের সংসদ সদস্য অর্জুন কার্কি, দেশটির কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী, ফিলিপাইনের সংসদ সদস্য সিয়েলো ক্রিসেল লাগম্যান, তিমুর-লেস্তের ইউএনএফসিসিসি ফোকাল পয়েন্ট অগুস্তো ম্যানুয়েল পিন্টো এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিচালক কার্লোস কনসেইসাওসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও জলবায়ু আলোচকরা অংশ নেন।
‘পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচার’ নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এ আলোচনায় দিলি ঘোষণার সুপারিশ বাস্তবায়ন, জলবায়ু অর্থায়ন এবং কপ৩১ ও পরবর্তী আন্তর্জাতিক আলোচনায় স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ সুরক্ষার বিষয়ে মতবিনিময় হয়।



