ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবারও দিনভর থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আজ শনিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট সংস্থাগুলো।
আবহাওয়াবিষয়ক পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়েছে। এটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের ওড়িশা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে সৃষ্ট মেঘমালা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। ক্রমে উত্তর-পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপটি রাজশাহী অঞ্চলের কাছাকাছি পৌঁছাতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপ বা ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। এর প্রভাবে রাজশাহীসহ দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অতিভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা ও খুলনা বিভাগের দু-এক স্থানেও বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মঙ্গলবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা কাজী জেবুন্নেসা জানিয়েছেন, শনিবারও বৃষ্টির প্রবণতা থাকবে। রোববার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে। তবে মঙ্গলবার পর্যন্ত দেশের আকাশে মেঘের উপস্থিতি থাকতে পারে। বুধবারের দিকে আকাশের মেঘলা ভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃষ্টির পর তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা সাময়িকভাবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে ঠান্ডা অনুভূত হলেও এখনই স্থায়ী শীতের শুরু বলা যাচ্ছে না। সাধারণত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করে।
অন্যদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের মতে, নভেম্বরের শেষ ভাগ থেকেই শীতের আগমনী পরিস্থিতি তৈরি হয়। তবে চলতি মৌসুমে গত ৩০ বছরের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আগামী তিন মাসে দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ চলমান বৃষ্টির পর আবহাওয়ায় পরিবর্তন এলেও শীতের প্রকৃত তীব্রতা অনুভূত হতে আরও কিছুটা সময় লাগতে পারে।


