দেশের অধিকাংশ এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর বিস্তৃতি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। আগামী ১৩ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে সেটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছিল। এর আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে, ৫০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে।