ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তি সঞ্চয় করায় দেশের উপকূলীয় এলাকায় আবহাওয়ার বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রাখা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে একই এলাকায় অবস্থান করছে। আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে এটি অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।
গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্র পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।
ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা হাওয়ার আকারে তা ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের আশপাশের সাগরও বেশ উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের নয়টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার উল্লেখযোগ্য। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



