বায়ুদূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৯। এই স্কোর অনুযায়ী, নগরীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে দেখা যায়, ২৯১ স্কোর নিয়ে তালিকার প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা, স্কোর ২০৩। একই দেশের রাজধানী দিল্লি ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ডিআর কঙ্গোর কিনশাসা। অন্যদিকে ১৭৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম।
আইকিউএয়ারের সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে গণ্য করা হয়।